অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মোঃ সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ মালয়েশিয়ায় অনুষ্ঠিত রোবোটিক্স প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে।
১০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেটালিং জায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ২৩টি দল অংশ নেয়। এর মধ্যে তিনটি দল গোল্ড মেডেল অর্জন করে।
সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদ আইটি অ্যান্ড রোবোটিক্স ক্যাটাগরিতে ‘WALL-E’ প্রজেক্টের জন্য প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করে।
দুই শিক্ষার্থীর এই সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থী সামিউ ইমাম স্পর্শের মা ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদরুন নাহার লরিন জানান, তাদের এ সাফল্যে প্রতিষ্ঠানটি আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা খবরটি শুনে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
বদরুন নাহার লরিনের ভাষ্য, এ অর্জন কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব বা চাঁদপুরের পাশাপাশি বাংলাদেশের জন্যও গৌরবের। তিনি এ সাফল্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও অন্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল ও প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস জানান, দুই শিক্ষার্থীর এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্ভাবনাকে সামনে এনেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি পাশে থাকবে ও সহযোগিতা করবে বলে তারা জানান।




