অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণে চলন্ত অটোবাইক উল্টে খালে পড়ে ওই গাড়ির চালক ছিদ্দিক মিয়াজীর (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার নওগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজীর ছেলে। পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে যাত্রীবিহীন অটোবাইক চালিয়ে নওগাঁও আড়ংবাজার থেকে নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি।
নওগাঁও এলাকায় একটি সেতুর কাছে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকটি উল্টে সড়কের পাশের খালে পড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত চালকের বড় ভাই মো. হায়দার মিয়াজী জানান, ছিদ্দিক মিয়াজী আগে থেকেই অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরেই তিনি অটোবাইক চালাতেন এবং এ কাজের আয় দিয়ে সংসার চলত।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।




