অনলাইন ডেস্ক: চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিল সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রেখেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আল-আমিন একাডেমির অধ্যক্ষ বরাবর পাঠানো চিঠিতে নতুন সভাপতিকে দ্রুত একটি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
গভর্নিং বডি বাতিলের কারণ
চিঠিতে গভর্নিং বডি বাতিলের পক্ষে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আল-আমিন একাডেমি প্রতিষ্ঠায় ‘আল-আমিন সোসাইটি’র সরাসরি অবদান না থাকা এবং একাডেমি প্রতিষ্ঠার পর সোসাইটিটির নিবন্ধন সম্পন্ন হওয়া।
এ ছাড়া গুণরাজদী ও বাবুরহাট এলাকায় অনুমোদন ছাড়া দুটি পৃথক ক্যাম্পাস প্রতিষ্ঠা, মূল ক্যাম্পাস ও ছাত্রী ক্যাম্পাসে অনুমোদনহীন অতিরিক্ত শ্রেণি শাখা পরিচালনা এবং ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখার বিষয়ও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এসব বিষয়ে অধ্যক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক হয়নি বলে চিঠিতে বলা হয়। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর প্রবিধান ৪৯ ও প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধান ৬৩ অনুযায়ী গভর্নিং বডি বাতিলের আগের আদেশই চূড়ান্তভাবে বহাল রাখা হয়েছে।




