অনলাইন ডেস্ক: রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়।
আপসের বিষয়টি নিশ্চিত করেছেন আজান আলী শরীফ ও আসামিপক্ষের আইনজীবী আলমগীর হোসেন। আইনজীবী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় সমঝোতা হয়েছে এবং ইতোমধ্যে টাকা পরিশোধ করা হয়েছে। বাদীপক্ষ আসামিদের জামিন বা খালাসে আপত্তি করবে না বলেও তিনি জানান।
একটি জীবনের মূল্য ৯ লাখ টাকা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, নিহত পথচারী প্রতিবন্ধী ছিলেন এবং বাদীপক্ষ আপস করার সিদ্ধান্ত নিয়েছে।
আইনজীবী আরও জানান, মামলাটির পরবর্তী শুনানি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এ হবে।




