অনলাইন ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) চাঁদপুরে শিক্ষক সংকট ও প্রশিক্ষণের প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন।
চাঁদপুর শহরের ইসলামপুর গাছতলা ব্রিজের পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষাদান করে আসছে।
অধ্যক্ষের তথ্যমতে, আইএমটি চাঁদপুরে ১২ জন শিক্ষক প্রয়োজন হলেও বর্তমানে কর্মরত আছেন ৮ জন। পাশাপাশি প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিরও সংকট রয়েছে। যন্ত্রপাতির অভাবে প্রশিক্ষণ কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
অধ্যক্ষ আরও জানান, ফ্রি ডিপারচার ওরিয়েন্টেশন কর্মসূচি দুই বছর ধরে বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের পর সিডিসি-সংক্রান্ত দাবি পূরণ না হওয়ায় কর্মসূচিটি বন্ধ করা হয় বলে তিনি জানান।
প্রতিষ্ঠানটিতে মেরিন ও শিপ বিল্ডিং—এই দুটি বিভাগ রয়েছে। ট্রেড হিসেবে ইলেকট্রিক্যাল, শিপ পাইপিং ও মেশিন শপের কথা উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালে উন্নয়নমেলায় প্রতিষ্ঠানটি বেস্ট স্টল পুরস্কার অর্জন করে। শিক্ষার্থীদের থাকার জন্য রয়েছে দুটি আবাসিক হোস্টেল। বর্তমানে এখানে ৩০০ জন শিক্ষার্থী এবং শর্ট কোর্সে ৭৫ জন প্রশিক্ষণার্থী রয়েছে।




