অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসার মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমানের জানাজায় হাজারো মুসল্লি অংশগ্রহণ করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উজানী মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় উস্তাদকে শেষবারের মতো বিদায় জানাতে কচুয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, শিক্ষার্থী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে উপস্থিত হন। শোকাবহ পরিবেশে অনেককে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাতে দেখা যায়।
এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাওলানা মিজানুর রহমান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর উজানী মাদরাসাসহ কচুয়া ও আশপাশের বিভিন্ন এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
জানা গেছে, ইন্তেকালের আগে কচুয়া উপজেলার ধামালুয়া গ্রামে একটি মাহফিলে ওয়াজ করেন তিনি। মাহফিল শেষে বাড়িতে ফিরে শারীরিকভাবে অসুস্থ বোধ করার পর ওই রাতেই তার মৃত্যু হয়।
শিক্ষকতা ও দ্বীনি খেদমত
মাওলানা মিজানুর রহমান চাঁদপুর জেলার মতলব উপজেলার রাজাপুর চিড়াইও গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কওমি মাদরাসায় পড়াশোনা শেষে তিনি ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানী মাদরাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে অংশ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বাণী প্রচার করতেন।
তার জ্ঞান, আদর্শ, ধর্মীয় শিক্ষা ও দ্বীনি খেদমতের কারণে তিনি শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তার মৃত্যুতে ইসলামী শিক্ষাঙ্গন ও দ্বীনি অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে বলে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।




