অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকার শম্ভুখার ব্রিজসংলগ্ন স্থানে বুধবার (২১ অক্টোবর) দুপুরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আক্তারুজ্জামান খোকন (৫০) ঘটনাস্থলেই মারা যান। তিনি একটি বেসরকারি খাদ্য কোম্পানি প্রমির মতলব উত্তর উপজেলার পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার হানিরপাড় গ্রামে। তিনি ওই গ্রামের এলাহী বক্স ও জরিনা বেগমের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তিনি স্ত্রী ও এক কন্যাসহ স্বজন রেখে গেছেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যপণ্য বিক্রি ও পরিবেশনের জন্য দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে সাহেববাজারে যান আক্তারুজ্জামান। সেখানে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথে তিনি স্ত্রীকে ফোন করে ভাত বেড়ে রাখতে বলেন। দুপুর দেড়টার দিকে শম্ভুখার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির নিচে মোটরসাইকেলসহ চাপা পড়েন তিনি। এতে তাঁর মাথা, থুতনি ও দুই পা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ সময় তাঁর পকেট থেকে মুঠোফোনটি সড়কে পড়ে যায়। স্থানীয় এক ব্যক্তি ওই ফোন থেকে স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাঁর স্ত্রী, বোন ও মেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁর স্ত্রী স্বামীকে হারিয়ে নিজের ও মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান।
মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া আক্তারুজ্জামান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




