অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতলী এলাকায় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় একটি ভেকু জব্দ এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, মুখদ্দি ও তালতলী এলাকায় একটি প্রভাবশালী চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি ও সরকারি কৃষিজমি দখলে রেখেছিল। এসব জমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। জমির মালিকেরা বাধা দিতে গেলে হুমকি ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁরা জানান।
জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ীর অভিযোগ, ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র তাঁদের জমি দখল করে মাটি বিক্রি করেছে। অপর জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তাঁর পৈতৃক ২২ একর জমি রয়েছে। সেখানে মাটি কাটায় বাধা দেওয়ার সময় তাঁদের ওপর হামলা ও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।
অভিযান শেষে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, নদীর ওপার থেকে একটি মহল এসে আবাদি ও সরকারি খাসজমিতে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। প্রশাসনের অভিযানের পরও তারা একই কাজে যুক্ত হচ্ছে বলে তিনি দাবি করেন। কৃষিজমি রক্ষায় এ অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আইন ও সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সেখানে পরিকল্পিতভাবে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিষয় বিবেচনা করা হচ্ছে।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা জানান, প্রায় ৪০০ একর জমিতে একটি অবৈধ চক্র দীর্ঘদিন ধরে পুকুর খনন করছিল। এর আগে অন্তত ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিকল বা ধ্বংস করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি। দুর্গম এলাকা ও উত্তাল নদীর কারণে বারবার অভিযান পরিচালনা চ্যালেঞ্জিং ছিল বলে জানান তিনি।
ইউএনও জানান, এ ঘটনায় তিনটি মামলা করা হয়েছে এবং ৪৮ জনকে আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতাকর্মী এবং প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।




