30.8 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমিতে ৫০টি ঝিল, উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪০০ একর কৃষিজমির টপসয়েল কেটে প্রায় ৫০টি মাছের ঝিল তৈরি করে মাছ চাষের নামে দখল ও মাটি বিক্রির অভিযোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে মুখদ্দি ও তালতাতলী এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় একটি ভেকু জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।

অভিযানকালে স্থানীয় জমির মালিকরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র তাদের পৈতৃক সম্পত্তিসহ কৃষিজমি দখল করে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করেছে। বাধা দিতে গেলে হুমকি ও মারধরের শিকার হওয়ার কথাও জানান তারা।

জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী বলেন, তাদের পৈতৃক জমিতে পূর্বপুরুষেরা বিভিন্ন ফসল চাষ করতেন। তবে কিছু লোক ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে মাছের ঝিল তৈরির নামে মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক জমির মালিক ইদ্রিস আলী জানান, ইব্রাহীমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে। একটি চক্র জমি দখল করে মাটি কাটতে শুরু করলে বাধা দেওয়ার সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বলেন, ওই চরে প্রায় ৪০০ একর জমি রয়েছে। একটি চক্র সেখানে পুকুর খনন করছিল। বিভিন্ন সময়ে প্রায় ৪০টি অভিযান চালিয়ে ভেকু বিনষ্ট করা হলেও কার্যক্রম বন্ধ হয়নি বলে জানান তিনি। দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির সুযোগে আবার মাটি কাটার কাজ চলত বলেও জানান তিনি।

তিনি বলেন, অভিযানে ঝিলের মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে। সরকারি আইন অনুযায়ী স্থানীয় কৃষকদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা হবে। ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে; তাদের গ্রেপ্তারে খোঁজ চলছে।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, একটি চক্র নদীর ওপার থেকে এসে ইব্রাহীমপুর ইউনিয়নের আবাদি জমি ও সরকারি খাসজমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসন আগেও একাধিকবার অভিযান চালালেও পরে একই কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

সরকারি বিধিবিধান ও গেজেট অনুযায়ী জমি বন্দোবস্তের কথা জানিয়ে তিনি বলেন, সরকারি নিয়ম অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্তের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ