অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন ছোট ভাই আরিফ হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মিয়ার বাজারের তালতলী এলাকায় মহিন উদ্দিনের পরিচালিত একটি মৎস্য প্রজেক্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন ও আরিফ হোসেন ওই মৎস্য প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন। বিকেলে মাছের খাবার দিতে গিয়ে তারা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে দুজনই বিদ্যুতায়িত হন।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ হোসেনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হয়।
নিহত আলাউদ্দিন ও আহত আরিফ হোসেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালির খামার মিয়াবাড়ি এলাকার বাসিন্দা মো. আনোয়ারুল ইসলামের ছেলে। তারা কচুয়া উপজেলার হারিচাইল গ্রামের বাসিন্দা মো. মহিন উদ্দিনের পরিচালিত মৎস্য প্রজেক্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




