অনলাইন ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ঢালী।
সভায় তিনি বলেন, শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী হিসেবে ৮৩ জন ব্যক্তিগত তথ্য জমা দিয়েছেন। তবে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন ১৩ জন। দলীয় সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলীয় সিদ্ধান্তের বাইরে একাধিক ব্যক্তিকে প্রার্থী না হওয়ার আহ্বান জানান তিনি।
সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে হযরত আলী ঢালী বলেন, মাদকের সঙ্গে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের এমপি মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে ডোপ টেস্ট করাতে হবে এবং প্রতিবেদন উপজেলা বিএনপির কাছে জমা দিতে হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকা কেউ নির্বাচনে প্রার্থী হতে চাইলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা বিএনপির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে।
তার বক্তব্য অনুযায়ী, বিগত গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থাকা নেতৃবৃন্দ ও হাইব্রিড প্রার্থীদের পাঁচ বছর দলের কাজ করার পর পরবর্তী নির্বাচনে বিবেচনা করা হবে। ছাত্রদলের কোনো নেতাকর্মী চেয়ারম্যান বা মেম্বার প্রার্থী হতে পারবেন না। দল থেকে বহিষ্কার বা অব্যাহতি পাওয়া নেতাকর্মীদেরও প্রার্থী হওয়ার সুযোগ নেই। জেলা ও সদর উপজেলা বিএনপির সমন্বয়করা একক প্রার্থী নির্ধারণে পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আক্তার হোসেন সাগর, জুলহাস আহমেদ জুয়েল, কাউছার আহমেদ ও আল ফারুক শাহরিয়ার। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




