অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি খাবারের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দোকানটি থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) চরভৈরবী ইউনিয়নের মাছঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ‘ইসলামিয়া হোটেল’কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’কে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে হাইমচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন, মা ইলিশ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।




