অনলাইন ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতকে কেন্দ্র করে ইসলামী সংস্কৃতি চর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল প্রতিভা লালনের আহ্বানে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। মোহনা শিল্পীগোষ্ঠী ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই সঙ্গে নতুন ক্যালিগ্রাফি ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। হামদ, নাত, কাওয়ালি, ইসলামী সংগীত, দলীয় সংগীত ও শিশুদের পরিবেশনার মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন মোহনা শিল্পীগোষ্ঠীর কেরাত বিভাগের পরিচালক আবরার হোসেন।
অনুষ্ঠানে মোহনা শিল্পীগোষ্ঠীর শিশু শিল্পীরা কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা ‘লিচু চোর’ আবৃত্তি করে।
মোহনা শিল্পীগোষ্ঠীর পরিচালক জুবায়ের আল মাহমুদ ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে নজরুলের লেখা ইসলামী সংগীত পরিবেশিত হয়। এর মধ্যে ছিল ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’, ‘হেরা হতে হেলে দুলে’ এবং ‘আল্লাহ ঐ নামের কালাম’।
এ ছাড়া শিল্পী সুলতান মাহমুদ, ফরহাদ হোসেনসহ অন্যরা হামদ, নাত ও কাওয়ালি পরিবেশন করেন।
ইসলামী সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সৃজনশীল শিল্পকলার বিকাশে অনুষ্ঠানে ক্যালিগ্রাফি ক্লাসের উদ্বোধন করা হয়। আরবি হরফের নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শিল্পচর্চার সুযোগ তৈরির এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।




