অনলাইন ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫১.১২ শতাংশ। এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কার্যক্রম উদ্বোধন করেন।
ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল জানা যাচ্ছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো Result sheet ডাউনলোড করতে পারবে এবং পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে। ফলাফল eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের Result কর্ণারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করে প্রকাশের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য HSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হলেও পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।




