অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মেধাবী শিক্ষার্থী তারান্নুম মজুমদার মাইসা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনি এ সাফল্য অর্জন করেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
তারান্নুম মজুমদার মাইসার বাবা আব্দুল হান্নান মজুমদার দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাবেক সদস্য ও ব্যবসায়ী। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের সন্তান। তার মায়ের নাম নুরুন্নাহার পাটোয়ারী।
শিক্ষাজীবনের এ অর্জনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারান্নুম। একই সঙ্গে সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক ও বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
চিকিৎসক হওয়ার স্বপ্ন
ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী তারান্নুম উচ্চশিক্ষা গ্রহণ করে মেডিকেল কলেজে পড়াশোনা করতে চান। ভবিষ্যতে আদর্শ চিকিৎসক হয়ে অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে দেখছেন। অর্থের অভাবে যারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না, তাদের মানবিক চিকিৎসাসেবা দিতে চান তিনি।
তারান্নুম জানিয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে চান। এ জন্য পরিবারের দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা ও সবার সহযোগিতা কামনা করেছেন।
তার ফলাফলে পরিবার ও কচুয়ার কাদলা গ্রামের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।




