অনলাইন ডেস্ক: শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার বিগত ২০ বছরের রেকর্ডে এটি সবচেয়ে খারাপ ফলাফল বলে ধারণা করা হচ্ছে। প্রকাশিত ফলাফলে উপজেলার ছয়টি কলেজের অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এবার শাহরাস্তিতে গড় পাসের হার মাত্র ৪৪.৮৮ শতাংশ।
এ পরিস্থিতির মধ্যেও তুলনামূলক ভালো ফল করেছে সূচীপাড়া ডিগ্রি কলেজ। ৭০.১১ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় শীর্ষে রয়েছে। পুরো উপজেলা থেকে এবার জিপিএ-৫ পাওয়া মাত্র দুজন শিক্ষার্থীই এই কলেজের।
চিতোষী ডিগ্রি কলেজে শিক্ষক-অধ্যক্ষ বিরোধ ও প্রশাসনিক কোন্দলের প্রভাব পরীক্ষার ফলে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার সর্বনিম্ন, ২৫.৮৪ শতাংশ। উপজেলার একমাত্র করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজেও এবার পাসের হার কমে ২৬.৫৯ শতাংশে নেমেছে।
মেহের ডিগ্রি কলেজে ৪০.৩২ শতাংশ শিক্ষার্থী পাস করলেও কেউ জিপিএ-৫ পাননি। অন্যদিকে, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পাসের হার ৬২.৩২ শতাংশ এবং খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজে ৪৮.১০ শতাংশ।




