স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্বপন মাহমুদ। তাঁর পদত্যাগকে কেন্দ্র করে ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় এতে বিভিন্ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে আগ্রহী বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকদের দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতেই স্বপন মাহমুদ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।
আলোচনায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা প্রতিকূলতার মধ্যেও স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় দলীয় সমর্থন নিয়ে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা করছেন তিনি। বক্তারা চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সংশ্লিষ্ট নেতাদের প্রতি তাঁকে দলীয় সমর্থন দেওয়ার আহ্বান জানান। দলীয় সমর্থন পেলে আসন্ন নির্বাচনেও তাঁর বিজয়ের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাহিদ খান, সাবেক সহসভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ ও সমাজসেবক জহিরুল হক লালু মাস্টার।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় বক্তব্য ও মতামত তুলে ধরেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ডের সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ডের সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ডের সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ডের সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারীসহ অন্য নেতারা।
সভায় উপস্থিত নেতাকর্মীদের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন স্বপন মাহমুদ। এ সময় তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন। বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অশ্রুসিক্ত নয়নে ইউনিয়নের সব ওয়ার্ড বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গাজী নূর আলম, যুগ্ম আহ্বায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




