স্টাফ রিপোর্টার: মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেছেন, মাদকসেবীদের মারধর করে মাদক থেকে দূরে রাখা সম্ভব নয়। বরং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে তাদের সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে হবে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি আরও বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আমরা একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে পেয়েছি। আগামী দিনে ওয়ার্ডভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রবীণ শিল্পী রূপালী দি ও কৃষ্ণা দি বয়সের কারণে ধীরে ধীরে মঞ্চ থেকে সরে যাচ্ছেন। তাঁদের মতো শিল্পীদের অভিজ্ঞতা ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের গড়ে তুলতে হবে। তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাশেম প্রধানিয়া, সাংস্কৃতিকানুরাগী অধ্যাপক মোশাররফ হোসেন, সাংবাদিক ইকবাল হোসেন পাটওয়ারী, রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদার, শিশু একাডেমির চিত্র প্রশিক্ষক অজিত দত্ত, অনন্যা নাট্যগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন পাটওয়ারীসহ প্রশাসনিক কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিকানুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহার সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক ও নাট্যশিল্পী এম আর ইসলাম বাবুর পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী এবং নৃত্যশিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।




