অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট ও হামলার চেষ্টার দায়ে আবু সালেহ রিমন (৩০) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত রিমন উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের মো. সাকির হোসেনের ছেলে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার নেশাগ্রস্ত অবস্থায় রিমন স্থানীয় এক যুবককে মারধর করেন এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালান। এ অভিযোগে তাকে আটক করা হয়।
রিমনের বাবা মো. সাকির হোসেনের দাবি, দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর গত প্রায় এক বছর ধরে রিমন মাদকাসক্ত হয়ে পড়েছেন। তাঁর অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় রিমন প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। এ কারণে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন। পরিবারের সদস্যদের নিষেধ সত্ত্বেও রিমন রাতে বাড়িতে মাদকের আসর বসাতেন এবং অশান্তি সৃষ্টি করতেন বলেও জানান তিনি।
এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, রিমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা লঙ্ঘন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে রিমনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।




