অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় শিক্ষা, চিকিৎসাসেবা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন, কৃতি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সমাজের আলোকিত মানুষদের সম্মাননা জানানো এবং নতুন প্রজন্মকে ভালো কাজে উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কচুয়া প্রেসক্লাবের আয়োজনে রাজমহল চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে সংবর্ধনা ও সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্যাহ। প্রধান অতিথি ছিলেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নুর মোহাম্মদ কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য শরিফুল ইসলাম মিঠু এবং শফিকুল ইসলাম পাঠান স্বপন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, খোরশেদ আলম শিকদার, আলমগীর তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। সংবর্ধিত অতিথি, কৃতি শিক্ষক, মেধাবী শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা দেওয়া প্রশংসনীয় উদ্যোগ। তাঁদের কর্ম, নিষ্ঠা ও সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা। কৃতি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতা ও সৃজনশীলতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীদের কাজের স্বীকৃতি দেওয়া হলে সমাজে মানবিকতা, দায়িত্ববোধ ও ভালো কাজের চর্চা বাড়বে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা। উপস্থিত সবাই আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন।




