অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। সংসদে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত আইন নিয়ে বিতর্ক চলাকালে তার কোলে ছিল ছোট্ট মেয়ে আলিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিবেশনে ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তার পেছনে বসা আরেক সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলেন। শিশুটিকে হাসাতে তিনি নানা মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করেন। সংসদের আনুষ্ঠানিক পরিবেশে এই দৃশ্যটি অনেকের নজর কাড়ে।
ফাতিমা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের স্বতন্ত্র সিনেটর। চলতি বছর দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়ে তিনি ইতিহাস গড়েন। সংসদে শিশুকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে সামলানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকে দৃশ্যটির প্রশংসা করেছেন। সন্তানকে দেখাশোনার পাশাপাশি একজন মায়ের পেশাগত দায়িত্ব পালনের এই মুহূর্তটি তাদের ভালো লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার সিনেটে আইনপ্রণেতাদের শিশুদের নিয়ে অধিবেশনকক্ষে প্রবেশের সুযোগ রয়েছে। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সিনেটররা অধিবেশনে অংশ নেওয়ার সময় নিজেদের শিশুর যত্ন নিতে পারেন এবং প্রয়োজনে অল্প সময়ের জন্য দুধ পান করাতে পারেন।
অল্পবয়সি সন্তানদের কাছ থেকে আলাদা না হয়েও যাতে অভিভাবকেরা পার্লামেন্টের দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা রাখা হয়েছে।
পার্লামেন্টে দায়িত্ব পালনের সময় সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে ফাতিমা পেম্যানের আরও একটি বিশেষ পরিচিতি রয়েছে। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর, যিনি দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন।




