অনলাইন ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে ইসলামাবাদে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। দলটি সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সরদার আয়াজ সাদিক ও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের সংসদীয় দল ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করে। সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। প্রতিনিধিদলটির ২৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।




