অনলাইন ডেস্ক: অনলাইন জুয়ার ঋণ পরিশোধ করতে নিজের নানিকে হত্যার অভিযোগ উঠেছে নিজের মেয়ের ঘরের ১৬ বছর বয়সী নাতি সিয়ামের বিরুদ্ধে। সম্প্রতি চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ফ্ল্যাটে হাত-বাঁধা ও গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া বৃদ্ধা লুৎফুর নাহার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের পর বেরিয়ে এসেছে এমন তথ্য। পুলিশের দাবি, অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাড় করতে নানিকে হত্যা করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় তাঁর নাতি। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।
মাকে হারিয়ে জাপান থেকে দেশে ফিরে শোকে আছেন একমাত্র ছেলে জুবায়ের খান। তিনি বলেন, মায়ের হত্যাকারী যে-ই হোক, আইন অনুযায়ী তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অভিযুক্ত কিশোরের বাবা-মাও হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
শহরে বাসা নেওয়ার পর একা থাকতেন লুৎফুর
নিহত লুৎফুর নাহারের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া ২ নম্বর ওয়ার্ডের নাজির খান বাড়ি। তাঁর স্বামী জয়নাল আবেদীন ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মারা যান। একমাত্র ছেলে জুবায়ের খান জীবিকার জন্য দেড় বছর আগে জাপানে যান। পাঁচ মেয়ের মধ্যে একজন মারা গেছেন; অন্যরা স্বামীর বাড়িতে থাকেন। ফলে গ্রামের বাড়িতে লুৎফুর নাহার অনেকটা একাকী জীবন কাটাতেন।
জুবায়ের খানের ভাষ্য, একা থাকার কারণে তাঁর মা নিজে রান্না করে খেতে পারতেন না এবং গ্রামের বাজারও কিছুটা দূরে ছিল। প্রয়োজনীয় জিনিস হাতের কাছে পাওয়া ও আত্মীয়স্বজনের সহজে দেখা করার কথা বিবেচনা করে তিনি শহরে বাসা ভাড়া নেওয়ার অনুরোধ করেন। পরে জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। চলতি মাসের ১ নভেম্বর থেকে সেখানে একাই থাকছিলেন লুৎফুর নাহার।
পরিবারের তথ্য অনুযায়ী, সিয়াম নিহতের তৃতীয় মেয়ের বড় ছেলে এবং মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দুই দিন আগে ১৬ নভেম্বর সে বাবা-মায়ের সঙ্গে নানির বাসায় আসে। ১৭ নভেম্বর তাঁরা চলে গেলেও ১৮ নভেম্বর বিকেলেও সিয়াম সেখানে গিয়েছিল বলে জানান জুবায়ের।
ওই দিন বিকেল ৪টার দিকে মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় জুবায়েরের। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পারলে নাহিদা আক্তার ও নাতি বাঁধন নিরাপত্তাকর্মীকে খোঁজ নিতে বলেন। নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী ফ্ল্যাটে গিয়ে সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করেন এবং অন্য কক্ষে লুৎফুর নাহারকে হাত-বাঁধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের দাবি, অনলাইন জুয়ার ঋণ থেকেই হত্যাকাণ্ড
পুলিশ জানায়, নিহতের মেয়ে নাহিদা আক্তার চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আওলাদ হোসেন রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিয়ামকে শনাক্ত করেন। ২২ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন জুয়া খেলতে গিয়ে সিয়ামের ঋণ ও আর্থিক সংকট তৈরি হয়েছিল। ঋণের টাকা পরিশোধের পরিকল্পনা থেকে সে নানিকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। পুলিশের দাবি, ঘটনার দিন বাসায় ঢুকে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তাঁর স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।
সিয়ামের দেখানো মতে, ভবনের টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। নুরুল্লাহপুর এলাকায় তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকেও লুৎফুর নাহারের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করে পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সিয়াম।
জুবায়ের খান বলেন, মায়ের হত্যার সুষ্ঠু বিচার চান তিনি এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। অভিযুক্ত কিশোরের বাবা-মাও হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করেছেন।




