অনলাইন ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসেই জন্ম নিলো এক ফুটফুটে ছেলে সন্তান। বুধবার আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় বাসের যাত্রী, চালক ও স্টাফদের সহযোগিতা মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর ওয়্যারলেস এলাকা থেকে এক দম্পতি তাদের দুই সন্তানসহ বাসে ওঠেন। জগৎপুর বাজার পার হওয়ার পর ওই পুরুষ যাত্রী চালককে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারের কথা জানান।
মুদাফরগঞ্জ বাজার পার হয়ে বাসটি বিজরা বাজারের কাছাকাছি এলে ওই ব্যক্তি চালককে বাস থামাতে বলেন। তিনি জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তিনি এসে জানান, তার স্ত্রীর প্রসবব্যথা শুরু হয়েছে।
বিষয়টি বুঝতে পেরে এক যাত্রী এগিয়ে গিয়ে দেখতে পান, শিশুর মাথা বের হয়ে এসেছে। তাৎক্ষণিকভাবে বিজরা বাজারে বাস থামানো হয়।
পাশের একটি হাসপাতালে গিয়ে ওই যাত্রী নার্সদের বিষয়টি জানান। প্রথমে হাসপাতালে চিকিৎসক না থাকায় নার্সরা যেতে চাইছিলেন না। পরে ফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলে অনুরোধ করা হলে তিনি আসতে রাজি হন। এরপর নার্সরা বাসে গিয়ে প্রসূতি মাকে সহায়তা করেন।
এ সময় বাসের সব যাত্রী নেমে সহযোগিতা করেন। চালক ও স্টাফদের বুঝিয়ে বাসটি ঘটনাস্থলে রাখা হয়। কিছুক্ষণ পর বাসের মধ্যেই ছেলে সন্তানের জন্ম হয়।
নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা আনন্দিত হন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রসবের সম্ভাব্য তারিখ থাকায় ওই দম্পতি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে ওই নারীর প্রসবব্যথা শুরু হয়।




