অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজারে কালভার্ট নির্মাণের নামে প্রধান সড়কটি কেটে দীর্ঘদিন ফেলে রাখায় তা মরণফাঁদে পরিণত হয়েছে। কোনো নিরাপত্তাবেষ্টনী ছাড়াই সড়কটি খুঁড়ে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২৫ দিন আগে কালভার্ট নির্মাণের জন্য গাজীপুর বাজারের প্রধান সড়কে মাটি কেটে গভীর গর্ত করা হয়। ফরিদগঞ্জ, চান্দ্রাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। প্রতিদিন ঝুঁকিপূর্ণ পথটি দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ অসংখ্য যানবাহন চলাচল করছে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ফরিদগঞ্জ থেকে চান্দ্রা বাজারগামী একটি আলুবোঝাই ট্রাক কাটা অংশ পার হওয়ার সময় গর্তে আটকে দুর্ঘটনার শিকার হয়।
বাজারের ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক কাটার পর কাজ বন্ধ রেখে চলে গেছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট ঠিকাদার বা তাঁর কোনো প্রতিনিধিকে পাওয়া যায়নি বলেও তারা জানান।
ভুক্তভোগীদের দাবি, কাটা অংশে কোনো সতর্কতামূলক সংকেত বা নিরাপত্তাবেষ্টনী না থাকায় বিশেষ করে রাতে অটোরিকশা, সাইকেল ও পথচারীরা গর্তে পড়ে আহত হচ্ছেন। বৃষ্টির পানিতে সড়কের পাশের মাটি ধসে পড়ছে। এতে যেকোনো সময় সড়কটি বিচ্ছিন্ন হয়ে বাজারের দোকানপাট ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বড় ধরনের প্রাণহানি এড়াতে দ্রুত কালভার্ট নির্মাণকাজ শেষ করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।




