চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া এলাকায় স্বামীর সাথে অভিমান করে কন্যা শিশু সন্তানকে বিষ খাইয়ে ও গৃহবধু সুমি আক্তার (২৫) নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার নলুয়া এলাকার বোয়ালিয়া গ্রামে প্রধানিয়া বাড়ীতে ঘটনাটি ঘটে। সুমি আক্তার ওই বাড়ীর সাব্বির প্রধানিয়ার স্ত্রী।সুমির দেবর আদিল প্রধানিয়া জানান, তার ভাই ঢাকায় থেকে একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সকালে তার ভাবি সুমির সাথে ভাই সাব্বিরের ফোনে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার ভাবি পরিবারের লোকদের অজান্তে ঘরে থাকা ফসলের কিটনাশক পান করে এবং শিশু সন্তান ফারিহা (২)কেও মুখে ঢেলে দেয়।
ঘটনার পরই তারা মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে শুরু করে। সেখান থেকে বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।চিকিৎসক বিপ্লব দাস জানান, গৃহবধুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আর শিশুটিকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।




