স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের কোড়ালিয়ায় লাইনের গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৬ জনের মধ্যে গৃহবধু খাদিজা আক্তার (৩২) চিকিৎসাধীন থেকে ৫ দিন পর মৃত্যুবরণ করেছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। একই ঘটনায় আহত ইমাম হোসেন সরদারের স্ত্রী খাদিজা। মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামে দুই সন্তান রয়েছে এই দম্পতির।
খাদিজার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন ইমাম হোসেন সরদারের ফুফাত ভাই মাহমুদুল হাসান জীবন। তিনি বলেন, গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে পরিবারের ৬ জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সকলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি আশঙ্কাজনক ছিল। তিনি মূলত গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন। ৫ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েন।এদিকে এই ঘটনায় গত ৯ মার্চ অগ্নিদগ্ধ হন- আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেঝো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। বর্তমানে ওই হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।




