ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও সাবেক ভিপি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ডে গনঅধিকার পরিষদ জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ পূর্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও সড়কের দু’পাশ নেতাকর্মীরা বন্ধ করে দেয়। ওই স্থানে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে।
এরপর নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বায়তুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদের জেলা কমিটির আহবায়ক কাজী রাসেল। যুগ্ম আহবায়ক সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব মাহমুদুল হাসান, খেলাফত মজলিস জেলা সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি সদর কমিটির মূখ্য সমন্বয়ক তামীক খান, নিরাপদ সড়ক আন্দোলন জেলা কমিটির সভাপতি সৈয়দ সাকিবুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারী এইচএম শরীফ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি জিএম মানিক প্রমূখ।
বক্তারা জাতীয় পার্টির এই হামলাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে গণঅধিকার , যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এবং হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।




