চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অভিযোগে এক জমির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় দণ্ড দেওয়া হয়। এ সময় তাঁকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন ছাড়া মাটি উত্তোলন পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।




