অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়াজী (৩৫) মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দেড় বছর বয়সী এক সন্তান, মা, ভাইবোনসহ আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন। পরে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শাহজাহান মিয়াজী মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রামের মরহুম আলী হোসেন মিয়াজীর ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট। তিনি মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একমাত্র সন্তানকে নিয়ে ঘরে খেলা করার সময় শাহজাহান মিয়াজী হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক জানান, স্ট্রোকজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে যান। বিভিন্ন পেশার লোকজনও সেখানে উপস্থিত হন। সংগঠনগুলোর পক্ষ থেকে তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
মঙ্গলবার বিকেল ৫টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাহজাহান মিয়াজীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার ভাতিজা হাফেজ শিহাব উদ্দিন মিয়াজী। জানাজা শেষে চাঁদপুর জেলা, মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে বিভিন্ন পর্যায়ের নেতারা স্মৃতিচারণ করেন।
শাহজাহান মিয়াজীর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




