অনলাইন ডেস্ক: হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশনায় ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বলাখালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি পাইপগুলো ভেঙে ধ্বংসের নির্দেশ দেন। অভিযোগে বলা হয়, অনুমতি ছাড়া একটি পুকুর ভরাট এবং পানি সেচ দিয়ে অন্য একটি পুকুর ভরাটের উদ্দেশ্যে ড্রেজার পাইপ স্থাপন করে রাখা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন এলাকার মৃত স্বদেশ নারায়ণ সাহার ছেলে অক্ষয় কুমার সাহা। তিনি রতন কুমার সাহা, প্রবীর সাহা, ধেররা এলাকার জাহাঙ্গীর আলম এবং মকিমাবাদ এলাকার কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুকুর ভরাট এবং অন্য একটি পুকুর ভরাটের উদ্দেশ্যে ড্রেজার পাইপ স্থাপনের সত্যতা পাওয়া যায়। সেখানে ড্রেজার ব্যবহারকারী কাউকে না পাওয়ায় পাইপগুলো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জলাধার, নালা বা পুকুর ভরাট নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবে অভিযোগকারীদের সম্পত্তিগত বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন এবং তা আদালতই নিষ্পত্তি করবেন।
অভিযোগে অক্ষয় কুমার সাহা দাবি করেন, বলাখাল মৌজার কয়েকটি পুকুর, ডোবা ও নাল ভূমি তিনি এবং তার পরিবার পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক ও দখলকার। এসব সম্পত্তির কিছু অংশ নিয়ে রতন কুমার সাহা ও প্রবীর সাহার সঙ্গে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নম্বর ৩১৭/২০২১ চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আদালতের বিষয়টি চলমান থাকা অবস্থায় বিবাদীরা বিরোধীয় পুকুর ড্রেজার দিয়ে বালু ভরাটের চেষ্টা করেন এবং বাধা দিলে হুমকি দেন।




