চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আজকে যে শান্তি সমাবেশ তা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টারই অংশ। কারণ চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে তারা অস্থিতিশীল করতে চায়। আবারও দেশে অরাজকতা সৃষ্টি এবং ২০১৩, ১৪ সালের মত অগ্নিসন্ত্রাস করতে চায়। কিন্তু বাংলাদেশ আ’লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টাকে প্রতিহত করবে।
শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের শান্তি শৃঙ্খলা যেন কোনভাবেই বিনষ্ট না হয়, আমরা যেন শান্তি বজায় রেখে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে পারি, আমরা যে কাঙ্খিত লক্ষ্যে বাংলাদেশকে সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ গড়তে পারি, সে লক্ষ্যে আ’লীগের কর্মসূচি। এরমধ্যে পাল্টাপাল্টি কিছু নেই।
আমরা মাঠে আছি এবং থাকবো। আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে তেমনি মাঠে আছি। শন্তি , শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষায় চিরদিন ছিলাম, আছি, আগামীতেও থাকবো।
দীপু মনি বলেন, আ’লীগ এদেশে যত অধিকার আছে, সে সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার আদায়ে নেতৃত্ব দিয়েছে। আমরা যে ভাষা পেয়েছি, তার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র , উন্নয়ন পেয়েছি এসবকিছুতে দেশগড়ার কাজে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান, সাবেক সচিব ও সাহিত্যিক ফারুক হোসেন, জেলা প্রশাসক কামরুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানি ড. সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল সহ স্থানীয় আ’লীগের নেতারা।




