স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরে পুরান বাজারে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে চাল প্রক্রিয়াজাত করায় ‘চাঁদপুর এন্টারপ্রাইজ’ নামের গোডাউনের সন্ধান পায়। যার ফলে ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদে পুরান বাজারে একটি গোডাউনে অভিযান পরিচালনা করে দেখলাম তারা লোকাল চাল সংগ্রহ করে ‘চাষী ভাই’ নামে ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার চেষ্টা করছে। আমরা ওইসব চাল জব্দ করেছি। ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
সামনে রমজান আসছে। কিছু অসাধু ব্যবসায়ী এই ধরণের প্রতারণার আশ্রয় নিবে। সেজন্য ভবিষ্যতে এধরণের কাজ কেউ যাতে না করে তার জন্য সতর্কতা এবং যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।
স্থানীয়রা জানান, ‘চাঁদপুর এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠান মালিক চাঁদপুর বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। বর্তমানে এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন ম্যানেজার সঞ্জয় সরকার।
সঞ্জয় সরকার যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বলেন, অন্য ব্র্যান্ডের মোড়কে চাল প্রক্রিয়াজাত করার কাজটি তার ঠিক হয়নি। তবে পুরান বাজারে এই ধরণের কাজ আরো কয়েকটি প্রতিষ্ঠানে হয় বলেন সঞ্জয়। তার এমন তথ্যে তাৎক্ষনিক যৌথবাহিনী সিরাজ খান নামে আরেক ব্যবসায়ীর আড়তে অভিযান চালায়। তবে সেখানে গিয়ে ওই ধরণের কোন কার্যক্রমের সন্ধান মিলেনি।




