স্টাপ রিপোর্টার: রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁদপুরে ঈদের বিপনী বিতানগুলো। ক্রেতারা বলছেন, পোশাকের দাম বেশী আর বিক্রেতারা বলছে, কেনা দাম বেশী তাই বেশী দামে বিক্রি করতে হয়। সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে বিভিন্ন স্তরের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাহে রমজানের সিয়াম সাধনা শেষে আসবে খুশির ঈদ। সকলের মাঝে ছড়িয়ে পড়বে ঈদের আনন্দ। এমনটাই প্রত্যাশা সবার।
ব্যবসায়ী সফিউল্যাহ হায়দার ও রিয়াদ ফেরদৌস বলেন, রমজানের শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁদপুরের ঈদ বাজারগুলো। পছন্দের পোশাকটি কিনতে ক্রেতারা চষে বেড়াচ্ছেন ছোট-বড় বিপনী বিতানগুলোতে। ক্রেতাদের পছন্দের জিনিসটি মাথায় রেখে বাহারি নকশার পসরা সাজিয়েছেন দোকানিরা। এবার নতুন পোষাকের মধ্যে, লেডিস-সায়রা, নায়রা, গায়রা, আলীফ লায়লা। পুরুষের পাঞ্জাবীর মধ্যে- সিকোয়েন্স, কন্টাষ্ট, এককালা, বাচ্ছাদের- মটকা, রাজশাহী সিল্ক অন্যতম। দাম একটু বেশী হলেও অন্যান্য বছরে তুলনায় এবার বেচা বিক্রি ভালো। বিদেশী পোশাকের চেয়ে দেশী পোশাকের দাম কম, টিকেও বেশি, যার ফলে চাহিদাও বেশি জানালেন বিক্রেতারা।
ক্রেতা হোসনে আরা ও মোকাদ্দেস বলেন, এদিকে ঈদ উপলক্ষে চাঁদপুরের বিপনী বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তন্মধ্যে শহরে হাকিম প্লাজা, মীর শপিং কমপ্লেক্স, হকার্স মার্কেট , পুরবি মার্কেট, মদিনা মার্কেট অন্যতম। রমজানের শুরুতে মার্কেটগুলোতে ক্রেতা সমাগম একটু কম হলেও শেষ সময় জমে উঠেছে ঈদের কেনাকাটা। এবার পোশাকের দাম একটু বেশি বলে কম দামে পছন্দের জিনিস কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছোটাছুটি করছেন অনেক ক্রেতা। তবে বিদেশী পোষাকের দাম একটু বেশি হলেও মানটা অনেক ভালো বলে জানান ক্রেতাসাধারণ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাহার মিয়া বলেন, চাঁদপুরবাসীকে সুন্দর ও নিরাপদ ঈদ উপহার দিতে শহরে গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে বিভিন্ন স্তরে আইনশৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দিনে রাতে শহরের অলিগলিতে মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে। সন্দেহভাজন কাউকে পাওয়া মাত্র আইনের আওতায় আনা হবে।




