স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামী জেলা আ”লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
রবিবার (২৯ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক ইয়াসিন আরাফাত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তা মো: বাহার মিয়া। তিনি বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আ”লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামী দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার ২দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আসামী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, নাছির উদ্দিন আহমেদ কোন মামলায় এজহার নামীয় আসামী না। গত ২জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর চাঁদপুরে আনা হয়।




