ষ্টাফ রিপোর্টার: চাঁদপুরে মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট সহ লাইটার জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার দোকানঘর এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটেছে।
নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামের একটি লাইটার জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে এমভি জামান নামক অপর একটি জাহাজের ওপর পড়ে। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারে নিয়ে যান।
এসময় ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি এবং সকল নাবিক নিরাপদে রয়েছে।
ইব্রাহিমপুরের নৌকা মাঝি আব্দুল কাদের জানান, ভোরবেলায় দুর্ঘটনার পর আমার নৌকা করে জাহাজের মাস্টার মামুনসহ ৮ জনকে পাড়ে নিয়ে আসি। তারা সকাল ৯টা পর্যন্ত নদীর পাড়ে থাকলেও, পরে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করার জন্য চলে যান।
চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজটির মাস্টারের ভূল ও অদক্ষতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙ্গর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশ্যে চালু করেন।
এসময় অপর একটি জাহাজের উপর পড়ে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
চাঁদপুর বিআইডব্লিউটিএ”র উপ-পরিচালক বশির আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাহিরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।




