ষ্টাফ রিপোর্টার। চাঁদপুর জেলা পুলিশের সফল অভিযানে গত এক বছরে (২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত) মোট ১ হাজার ১শ’ ৪১টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, এ সময়ে জেলার ৮টি থানায় মোবাইল হারানো বা চুরির ঘটনায় মোট ৩ হাজার ৬শ’ ৬৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এসকল জিডির ভিত্তিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় ফোনগুলো উদ্ধার করা হয়।
থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইলের পরিসংখ্যান :- চাঁদপুর সদর মডেল থানার ২০১টি, হাইমচর ৪০টি, ফরিদগঞ্জ ১০৯টি, মতলব দক্ষিণ ২৩৯টি, মতলব উত্তর ১২৪টি, শাহরাস্তি ৬৫টি ও কচুয়া থানাধীন ২১০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
চাঁদপুরের এসপি মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, কোনো মোবাইল হারালে অবশ্যই আইএমইআই নম্বরসহ জিডি করতে হবে। আমরা সেই নম্বরের ভিত্তিতে ব্যবহারকারীকে শনাক্ত করি এবং সাধারণ এক থেকে দেড় মাসের মধ্যে মোবাইল উদ্ধারে সক্ষম হই। তিনি বলেন, পুরোনো মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আইএমইআই নম্বর যাচাই করে প্রকৃত মালিক নিশ্চিত করতে হবে। সবাই সচেতন হলে মোবাইল চুরির প্রবণতা কমে আসবে। পুলিশের এই উদ্যোগে ভুক্তভোগীদের মাঝে আস্থা ফিরিয়ে এনেছে। কোন তদবির ছাড়াই স্বত:প্রণোদিতভাবে জেলা পুলিশ এসব ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেন। মোবাইল ফেরত পাওয়ার পর ভুক্তভোগীদের মুখের হাসি, আমাদেরকে আরও অনুপ্রাণিত করে।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা বলেন, পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বহুগুণে বেড়ে গেছে। এজন্য তারা চাঁদপুর পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর জেলা পুলিশের এই সাফল্য শুধু প্রযুক্তিগত দক্ষতাই প্রমাণ নয়, বরং জনগণের প্রতি সেবার উজ্জ্বল দৃষ্টান্তও প্রমাণ করে।




