ষ্টাফ রিপেfটার ॥ চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম শিক্ষার্থীদের মেধার বিকাশ ও তাদের উদ্ভাবনী তুলে ধরতে দুই দিনব্যাপী বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবনে মেডিকেল কলেজের ছাদে আয়োজিত মেলায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রণ করেন। মেলার এই উদ্ভাবনী বিষয়গুলোর বিভিন্ন দিক সর্ব সাধারণের জন্য তুলে ধরেন দলভিত্তিক শিক্ষার্থীরা।
মেলায় বিভিন্ন বিষয়ের প্রেজেন্টেশন ২১টি স্টলে স্থান পেয়েছে। শিক্ষার্থীদের এসব দলভিত্তিক উদ্ভাবনী শিক্ষকরা পরিদর্শন করেন এবং তাদের বক্তব্য শুনে মূল্যায়নের ব্যবস্থা রেখেছেন। মূল্যায়ন কাজে মেডিকেলের শিক্ষক ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা অংশ নেয়।
কলেজ উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্যাম্পাসের সমস্যা থাকলেও শিক্ষার্থীরা যাতে তাদের অভাব বুঝতে না পারে এবং তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সেজন্য এই বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা। আশা করি শিক্ষার্থীরা এতে অনেক উপকৃত হবে। ২১টি স্টলে নির্ধারিত বিষয়গুলো শিক্ষকরা মূল্যায়ন করছেন এবং বিজয়ীদের পুরস্কার ও সনদ দেয়া হবে। এই কলেজের প্রথম ব্যাচের দুইজন বিসিএস এ উত্তীর্ণ হয়ে কাজে যোগ দিয়েছেন। আমাদের মূল ক্যাম্পাসের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হলে শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাস পাবে।




