ষ্টাফ রিপোটার । চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক শহরের চৌধুরী ঘাট এলাকায় ফলের আড়তে এবং স্ট্যান্ড রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মূল্য তালিকা না থাকায় মেসার্স শরীফ বাণিজ্যালয়কে ২ হাজার ৫শ’ , নিউ সততা বীজ ভান্ডারকে ২ হাজার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে বাসি পঁচা খাবার সংরক্ষণ করায় আজিজিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা সহ মোট ১৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।




