স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী মিজি বাড়িতে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফরিদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত জিতু মিজির স্ত্রী ফরিদা বেগম, তার ছেলে মমিন মিজি (৪৬) এবং নাতি মাইনুদ্দিন মিজি।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর ধরে সংশ্লিষ্ট দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছে। ভুক্তভোগীদের দাবি, আদালতের রায় তাদের পক্ষে থাকলেও প্রতিপক্ষ জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছে।
সম্প্রতি জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। এ ঘটনায় গত ২৬ মার্চ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এরপর থেকেই ভুক্তভোগীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার বিকেলে জমিতে মাটি কাটতে বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এতে ফরিদা বেগম গুরুতর আহত হন। পরিবারের অন্যান্য সদস্যরাও হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিপক্ষ হিসেবে একই বাড়ির জামাল মিজির স্ত্রী জুলেখা বেগম, তার মেয়ে পারুল বেগম (৪০), এলেমের মেয়ে বৃষ্টি বেগম (৩০), এলাহির স্ত্রী (৪০) ও রাজিনার মেয়ে আনহা (১৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এলাহি মিজি ও এলেম মিজি পরিকল্পিতভাবে নারীদের দিয়ে এ হামলা পরিচালনা করেন।
আহত মমিন মিজি জানান, তার মা জমিতে মাটি কাটতে দেখে বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। দীর্ঘদিন ধরে তারা হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে মাইনুদ্দিন মিজি জানান, তার বৃদ্ধ দাদাকেও মারধর করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




