স্টাফ রিপোর্টার: চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১জুলাই) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে এ পি এগ্রোভেটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন এবং জরিমানার অর্থ তাৎক্ষনিক প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত উৎপাদন হতে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে প্রাণী সম্পদ জেলা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা: বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।




