স্টাফ রিপোর্টার: চাঁদপুরস্থ সুবিদপুর পেশাজীবী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত সভাপতিকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৯ আগস্ট) বিকেলে ষোলঘরস্হ ইউরেশিয়া কনভেনশন সেন্টারে সমিতির উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সারিনা আলম কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকার চেয়ারম্যান ও সিইও শামসুল আলম সুমনকে সমিতির সভাপতি নির্বাচিত করা হয়। পরে সদস্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় সভাপতিত্ব করেন, নানুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মহিবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে তিনি স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মতলব সরকারি কলেজের মার্কেটিং বিভাগের লেকচারার সোহরাব হোসেন পাটোয়ারী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য মাওলানা আমিনুল হক। সমিতির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং ৩ নং সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো: মফিজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা হয়।
সভায় নতুন সভাপতি হিসেবে শামসুল আলম সুমনের নাম প্রস্তাব করেন সমিতির সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এবং প্রস্তাবটি সমর্থন করেন কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মুন্সী। পরে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন বাচ্চু ও কোষাধ্যক্ষ আ: কুদ্দুস মুন্সী।
সবশেষ নবনির্বাচিত সভাপতি শামসুল আলম সুমন সদস্যদের উদ্দেশে সমিতিকে নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং সমিতির কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি সমিতির ক্রয়কৃত সম্পত্তি সরোজমিনে দেখতে ওয়্যারলেস মু্ন্সিবাড়ী এলাকায় যান।




