মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় পরোয়ানা ও সাজা মূলে আরও ৩ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টা ২০ মিনিটে মোবারকদী এলাকার জলিল মোল্লার বাড়ির সামনে রাস্তা থেকে মোঃ হাসেম সওদাগরকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মতলব দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। থানার রেকর্ডে তার বিরুদ্ধে পূর্বে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
একই দিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মোঃ কাউছার ও রবিন আকন্দকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
৬ সেপ্টেম্বর পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর ১০৩/২০ (সাজা) মামলায় ৬ মাসের সাজা, ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মোঃ জাহিদকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া খর্গপুর এলাকা থেকে পারিবারিক মামলা নং-৪২৪/২০২৫-এর আসামি মোঃ কাউছারকে এবং পাঁচদোনা (নায়েরগাঁও) এলাকা থেকে নাঃশিঃ নং-৩১১/২১ মামলার আসামি মোঃ বোরহানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সব আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: দৈনিক আদি বাংলা




