চাঁদপুরের মতলব দক্ষিণে বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশে গত ৫ ও ৬ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ৫ সেপ্টেম্বর দুপুরে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার মোবারকদী গ্রামের জলিল মোল্লার বাড়ির সামনের সড়ক থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসেম সওদাগরকে (৩৩) আটক করেন। তিনি মোবারকদী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানায় তার বিরুদ্ধে আগের মামলাও রয়েছে।
একই দিন উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে মোবারকদী এলাকা থেকে মাদকসহ মোঃ কাউসার (২৩) ও চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী গ্রামের রবিন আখন্দকে (১৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের কারাদণ্ড দেন।
৬ সেপ্টেম্বর এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকা থেকে জিআর ১০৩/২০ (সাজা) মামলায় দণ্ডপ্রাপ্ত মোঃ জাহিদকে আটক করেন। তার ছয় মাসের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড হয়েছিল।
অন্যদিকে এসআই ইমতিয়াজ কবীর সঙ্গীয় ফোর্সসহ খর্গপুর এলাকায় অভিযান চালিয়ে পারিবারিক মামলা নম্বর ৪২৪/২০২৫-এর আসামি মোঃ কাউছারকে (৩৯) গ্রেফতার করেন। একই সময়ে এএসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ পাঁচদোনা (নায়ের গাঁও) এলাকা থেকে নাঃশিঃ নম্বর ৩১১/২১-এর আসামি মোঃ বোরহানকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: Chandpur Times




