রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে প্রাইমিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপজেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩২ জোড়া ফুটবল বুট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম। বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন। এ সময় মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ হোসেন খান, সদস্য মো. ফয়সাল খন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগতভাবে কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত প্রতিযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা জরুরি। এতে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীরাও ক্রীড়া কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ জন শিক্ষার্থীর হাতে ফুটবল বুট তুলে দেওয়া হয়। নতুন বুট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রয়োজনীয় সামগ্রীর সুযোগ বাড়লে মতলব দক্ষিণে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
সূত্র: দৈনিক আদি বাংলা




