অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের পঞ্চম আচার্য যোগাচার্য অধ্যক্ষ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের শুভাগমন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে দুদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, শতকণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, দীক্ষা দান, গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মসভার আয়োজন করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্র ও শনিবার লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রম প্রাঙ্গণে এ দুদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রতিটি পর্ব সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রথম দিনের কর্মসূচি
১৮ সেপ্টেম্বর ব্রহ্মমুহূর্তে মঙ্গল আরতির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর প্রভাতীয় শিব স্তুতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্তন ও শ্রীশ্রী চণ্ডী পাঠ অনুষ্ঠিত হবে। পরে ভক্তদের অংশগ্রহণে শতকণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগ্রহী ভক্তদের জন্য দীক্ষা দান কর্মসূচি থাকবে। দীক্ষা দানের পর গুরুদেবের আলোচনা ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। দিনশেষে ভক্ত, শ্রোতা ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
দ্বিতীয় দিনের আয়োজন
১৯ সেপ্টেম্বর মঙ্গল আরতি, প্রভাতীয় শিব স্তুতি, গুরু বন্দনা ও হরি ওঁ কীর্তনের পর শ্রীশ্রী গীতা পাঠ প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। এরপর দীক্ষা দান, গুরুদেবের আলোচনা ও বিশেষ ধর্মসভা অনুষ্ঠিত হবে। মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনের আয়োজন শেষ হবে।
বিশেষ ধর্মীয় আলোচনা
আয়োজনের অন্যতম আকর্ষণ ‘অসাম্প্রদায়িকতা ধর্মের ভূষণ’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সীতাকুণ্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি থাকবেন শ্রীশ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীশ্রীমৎ সেবানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীশ্রীমৎ সূচেতনান্দ ব্রহ্মচারী মহারাজ। সভাপতিত্ব করবেন লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমের সভাপতি শংকর রাও নাগ।
স্বাগত বক্তব্য রাখবেন যোগাশ্রমের সাধারণ সম্পাদক সমরেশ হাওলাদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন স্থানীয় ইউপি সদস্য তাপস সরকার।
আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, আধ্যাত্মিক চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের লক্ষ্য। শ্রীমদ্ভগবদ্গীতার বাণী ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, সাধু-সন্ন্যাসী, ধর্মপ্রাণ মানুষ ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় ভক্ত ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।




