অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এআইচালিত প্রোগ্রামেটিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাডজোইকের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে একসূত্রে বাঁধতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ‘আম্ব্রেলাএক্স’ (Umbrellax)-এর সমন্বিত ইকোসিস্টেম উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনার কারণে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর অর্থ ও সময় অপচয় হয়। তাঁর দাবি, DSales-এর ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাতে ব্র্যান্ডগুলোকে সহায়তা করবে।
অ্যাডজোইকের প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক সাধারণ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (DSP)। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নেয় এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে কম খরচে উপযুক্ত বিজ্ঞাপন প্রদানের ব্যবস্থা করে।
অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উন্মোচন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান এবং চিফ টেকনোলজি অফিসার টিপু আরবিদ।
সমাপনী বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর নতুন ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে একত্র করেছে বলে জানানো হয়েছে।




