অনলাইন ডেস্ক: নীলফামারীর ডোমারে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুপা বেগম সহিদা (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুপা ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশের বক্তব্য
পুলিশের সূত্র জানায়, রুপা বেগম সহিদা দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এর আগে তিনি একাধিক মামলায় কারাভোগ করেছেন বলেও পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।




