অনলাইন ডেস্ক: শত বছরের ঐতিহ্য ও সেবার অনন্য ঠিকানা চাঁদপুর শহরের ‘পুরাণবাজার পৌর দাতব্য চিকিৎসালয়’ নতুন রূপে আবার চালু হতে যাচ্ছে আজ। আধুনিকায়ন, প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণ শেষে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় এই চিকিৎসালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিকিৎসালয়টির উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে।
১৯২০ সালে প্রতিষ্ঠিত চিকিৎসালয়টি দীর্ঘদিন বন্ধ ছিল। পুরাণবাজারসহ আশপাশের এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিতে এটি পুনরায় চালু করা হচ্ছে। পৌরসভা নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য একজন এমবিবিএস চিকিৎসক নিয়োগ দিয়েছে। নিয়মিত মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. তানজিল হোসেন (এমবিবিএস, সিসিডি, পিজিটি-কার্ডিওলজি)।
সেবা ও সময়সূচি
৫ টাকার টিকিটে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পাওয়া যাবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। প্রতি রোববার শিশুদের জন্য রুটিন ইপিআই টিকাদান কর্মসূচি থাকবে।
প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসাসেবা চালু থাকবে।
সেবা গ্রহণের শর্ত
সেবা নিতে হলে চাঁদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রামাণিক দলিল হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিক সনদ অথবা টিকা কার্ডের যেকোনো একটি সঙ্গে আনতে হবে।
চিকিৎসালয়টি পুনরায় চালুর খবরে পুরাণবাজার এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।




