অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ খোরশেদ আলম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার খোরশেদ আলম উপজেলার উত্তর চরবড়ালী গ্রামের মৃধা বাড়ির ছমিদ মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েলসহ পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানের সময় ফরিদগঞ্জ চৌরাস্তা এলাকার কারিগোর দোকানের সামনে খোরশেদ আলমকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।




